২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2018, 11:17 PM

Updated : 19 Aug 2022, 02:32 PM

রোববার সকাল ১০টার দিকে নগরীর নিউ মার্কেট মোড় এলাকায় একটি হায়েস মডেলের মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে আট হাজার ইয়াবার সন্ধান পায় পুলিশ।

এ ঘটনায় মাইক্রোবাসের চালক জহুরুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জহুরুল নোয়াখালী জেলার সদর থানার বিনোদপুর এলাকার মো. বাবলুর ছেলে।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাইক্রোবাসটি আটকে তল্লাশি করা হয়।

“এসময় মাইক্রোবাসের সিলিংয়ে বিশেষ কায়দায় আটকে রাখা ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গাড়িচালক জহুরুল ইসলাম বলেছে, এর আগেও এভাবে এই গাড়িতে ইয়াবা পরিবহন করা হয়েছে।”

নগরীর কোতোয়াশি থানার মেরিনার্স রোডের ফিরিঙ্গি বাজার এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি বাসে তল্লাশি চালিয়ে ৭ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তার তিনজন হলেন- মো. আসলাম (৪৩), দ্বীন ইসলাম (৩০) এবং নজরুল ইসলাম (২১)।

এদের মধ্যে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কয়কীর্তণ গ্রামের রমজান আলীর দুই ছেলে আসলাম ও দ্বীন ইসলাম। অন্যজন নজরুল ইসলাম কক্সবাজার জেলার উখিয়া থানার রাজাপালং ইউনিয়নের মধুর ছড়া গ্রামের ওসমানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে ফিরিঙ্গি বাজার এলাকায় বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

“এসময় আসলামের কাছে ২৪০০ পিস, দ্বীন ইসলামের কাছে ২৬০০ পিস এবং নজরুল ইসলামের কাছে ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা তারা কক্সবাজার থেকে চট্টগ্রামে নিয়ে আসছিল।”

এ ঘটনায় অধিদপ্তরের পাঁচলাইশ সার্কেলের পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।