চট্টগ্রামে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামে ছয় যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ, যারা ছিনতাইকারী দলের সদস্য বলে পুলিশের দাবি।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ শহীদুল ইসলাম ওরফে জিসান (২৩), খোকন (২২), রবিউল হোসেন ওরফে মামুন (২২), লায়েক হোসেন ওরফে হৃদয় (২০), মোহাম্মদ ইব্রাহীম খলিলুল্লাহ (২৪), জুনায়েদ (২০)।
বৃহস্পতিবার ভোরে কোতোয়ালী থানার পোলোগ্রাউন্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহ মো. আব্দুর রউফ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভোরে এরাসহ কয়েকজন ওই এলাকায় অবস্থান নিয়েছিল ছিনতাই করতে। এসময় পুলিশ গিয়ে তাদের ধাওয়া করে ছয় জনকে গ্রেপ্তার করলেও দুই/তিনজন পালিয়ে যায়।
তাদের কাছ থেকে একটি দেশী বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও দুটি ছুরি পাওয়ার তথ্য দিয়ে অস্ত্র আইনে কোতোয়ালী থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি মহসিন।
“এরা মূলত রেল ও বাস স্টেশনগামী যাত্রী ও বিভিন্ন জেলা থেকে আসা বাসের যাত্রীদের টার্গেট অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল ছিনতাই করে। তারা সাধারণত ভোর বেলায় এই ছিনতাই করে থাকে।”
তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা আছে বলে জানান রউফ।
