চট্টগ্রামে পলিথিনের গুদামে অভিযান
পলিথিন মজুদের অভিযোগে চট্টগ্রাম নগরীর দক্ষিণ মধ্যম হালিশহরের একটি গুদাম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরী অঞ্চলের পরিচালক আজাদুর রহমান মল্লিকের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে এক অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়।
অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা খন্দকার মো. তাহাজ্জুত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দক্ষিণ মধ্যম হালিশহরের আনন্দবাজার এলাকায় পলিথিন ও শপিং ব্যাগ মজুদ ও বিক্রির খবর পেয়ে ওই অভিযান চালানো হয়।
এ সময় রনি নামে এক ব্যক্তির মালিকানাধীন ওই গুদাম থেকে এক হাজার কেজি পলিথিন জব্দ করা হয়।
পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে গুদামটি সিলগালা করে দেওয়া হলেও কাওকে গ্রেপ্তার করা হয়নি।
অধিদপ্তরের পরিদর্শক মো. ফখরুদ্দিন চৌধুরীও উপস্থিত ছিলেন এ অভিযানে।
