কোটা বাতিলের প্রজ্ঞাপনের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ
কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি ও কেন্দ্রীয় নেতার বাড়িতে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
রোববার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত নগরীর ষোলশহর রেল স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেয় বিক্ষোভকারীরা।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জসীম উদ্দিনের বাঁশখালীর বাড়িতে গত দুই দিন ধরে সন্ত্রাসীরা হামলা করেছে। এর প্রতিবাদের পাশাপাশি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করা হয়েছে।
“কোটা বাতিলের জন্য প্রধানমন্ত্রী ঘোষণা দিলেও একমাস হলে প্রজ্ঞাপন জারি করা হয়নি।”
এর আগে সকাল ১০টা থেকে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবি নিয়ে বিভিন্ন ধরনের ফেস্টুন নিয়ে সমাবেশে অংশ নেয় শিক্ষার্থীরা। এসময় স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
