রেল শ্রমিক লীগের কমিটি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি বহিষ্কার
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কমিটি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের নেতারা পরস্পরকে বহিষ্কার করেছেন, ঘোষণা এসেছে নতুন কমিটিরও।
রেলওয়ে শ্রমিক লীগে ১২ বছর পুরনো কমিটি নিয়ে জ্যেষ্ঠ নেতাদের দ্বন্দ্বে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অন্য নেতারা জানিয়েছেন।
সবশেষ রোববার ও সোমবার দুই পক্ষের নেতারা কমিটি থেকে একে অন্যকে বহিষ্কারের ঘোষণা দেন।
দুই পক্ষেরই দাবি, তাদের কমিটিই ‘বৈধ’।
সোমবার চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে হায়দার আলী ও সিরাজুল ইসলামের অনুসারীরা ‘অবৈধ’ বর্ধিত সভা করায় হাবিবুর রহমান আকন্দকে বহিষ্কারের ঘোষণা দেন।
এর আগে রোববার ঢাকার শাহজাহানপুরে মাহবুব আলী মিলনায়তনে বর্ধিত সভা করে হায়দার আলী ও সিরাজুল ইসলামকেই বহিষ্কারের ঘোষণা দেন হুমায়ুন কবীর ও হাবিবুর রহমান আকন্দ নেতৃত্বাধীন অংশ।
২০০৬ সালে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সর্বশেষ কমিটি গঠন করা হয়।
৩০ সদস্যের ওই কমিটির সভাপতি ছিলেন হুমায়ুন কবীর এবং সাধারণ সম্পাদক ছিলেন হাবিবুর রহমান আকন্দ। ওই কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন হায়দার আলী এবং প্রচার সম্পাদকের পদে ছিলেন সিরাজুল ইসলাম।
সোমবারের সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম বলেন, সংগঠনের গঠনতন্ত্র এবং শ্রম আইন অনুসারে কমিটির মেয়াদ দুই বছর। কমিটি গঠনের পর ১২ বছর চলে গেছে।
“৩০ জনের মধ্যে ২৫ জন অবসরে চলে গেছেন। মাত্র পাঁচজন বাকি। বারবার বলার পরও সম্মেলনের বিষয়ে তারা আগ্রহ দেখাননি। শ্রম পরিচালকের কার্যালয়েও চিঠি দেই। সাধারণ শ্রমিকদের অনুরোধে সংগঠনের প্রধান উপদেষ্টা সিরাজ উল্ল্যাহ উদ্যোগ নেন।”
সিরাজুল ইসলাম বলেন, ২৩ এপ্রিল নগরীর এনায়েত বাজার বাটালী রোডে সংগঠনের কার্যালয়ে বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়। সাধারণ সদস্যদের চাপের মুখে ৩৫ সদস্যের কমিটি ঘোষণা করতে সভা ‘বাধ্য হয়’।
“আগের কমিটির নেতাদের রেখেই নতুন কমিটি করা হয়। এতে হুমায়ুন কবীরকে সভাপতি, হাবিবুর রহমান আকন্দ ও হায়দার আলীকে কার্যকরী সভাপতি এবং আমাকে সাধারণ সম্পাদক করা হয়।”
এরমধ্যে রোববার ঢাকায় বর্ধিত সভার পর হায়দার আলী ও সিরাজুল ইসলামকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
সিরাজুল ইসলাম বলেন, “বর্ধিত সভায় এধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। সভার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিদ্ধান্তের কথা জানানো হয়।
“সংগঠনবিরোধী কাজে যুক্ত থাকায় আমরা হাবিবুর রহমান আকন্দকে বহিষ্কার এবং দুই সহ-সভাপতি শেখ লোকমান হোসেন ও গোকূল চক্রবর্তীকে অব্যাহতির ঘোষণা দিচ্ছি।”
সংবাদ সম্মেলনে রেলওয়ে শ্রমিক লীগের প্রধান উপদেষ্টা সিরাজ উল্ল্যাহ বলেন, শ্রম আইন মোতাবেক দুই বছরের বেশি কোনো কমিটির মেয়াদ হয় না। কমিটির অনুমোদন দেয় সম্মেলন। শিগগিরই সম্মেলন করা হবে।
এক প্রশ্নের জবাবে সিরাজ উল্ল্যাহ জানান, ২৩ এপ্রিলের বিশেষ সাধারণ সভায় শ্রম পরিচালকের প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘নব গঠিত কমিটির কার্যকরী সভাপতি’ মো. হায়দার আলী।
এ বিষয়ে জানতে চাইলে হাবিবুর রহমান আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রম পরিচালকের প্রতিনিধির উপস্থিতি ছাড়া কোনো ধরনের কমিটি ঘোষণা অবৈধ।
“যে ৩৫ জনকে কমিটির সদস্য করা হয়েছে তাদের মধ্যে হুমায়ুন কবীর এবং আমিসহ অনেকেই ওই সভায় অনুপস্থিত ছিলাম।”
ঢাকায় রোববারের সভায় রেলমন্ত্রীসহ শ্রমিক লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন দাবি করে হাবিবুর রহমান আকন্দ বলেন, “আগের কমিটিই বলবৎ আছে।
“দ্রুত সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে। সম্মেলনের মাধ্যমেই যা হওয়ার তা হবে।”
