২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি মার্কেটিং বিভাগের রজত জয়ন্তীতে বর্ণাঢ্য আয়োজন

নানা আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বর্তমান-প্রাক্তন মিলিয়ে সাত শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2018, 08:50 PM

Updated : 08 Apr 2022, 06:08 PM

বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের শুরু হয়।

ব্যবসা প্রশাসন অনুষদের অডিটেরিয়ামে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ‘‘দীর্ঘ পথ পরিক্রমায় এ বিভাগ যোগ্য মানবসম্পদ উৎপাদনে অসামান্য অবদান রেখে চলেছে। এ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা দেশে-বিদেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে ব্যবসা-বাণিজ্য, বিপণন ও  শিল্পায়নে তাদের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতায় দেশ মাতৃকার উন্নয়ন-অগ্রগতিতে যে অবদান রেখে চলেছে তা অত্যন্ত প্রশংসার দাবীদার।”

বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান বলেন, “মার্কেটিংএকটি নিজস্ব প্রযুক্তি, যার রয়েছে নিজস্ব দর্শন। মার্কেটিংয়ের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সর্ম্পক স্থাপন করা । আমরা আশা করি এ বিভাগের শিক্ষার্থীরা সঠিক লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করে যাবে।”

আলোচনা সভায় গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ জে এম নুরুদ্দীন চৌধুরী, উপ-উপাচার্য শিরীন আখতার, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এ এফ এম আওরঙ্গজেব এবং বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী।

মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর সজীব কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মো. শওকতুল মেহের, অধ্যাপক এস এম সালামত উল্লাহ ভূঁইয়া প্রমুখ।

প্রথমদিনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিকালে ছিল ব্যান্ড আর্টসেল ও তীরন্দাজের পরিবেশনা।

শুক্রবার অনুষ্ঠানের দ্বিতীয় দিন বিকাল ৩টায় নগরীর চারুকলা ইনস্টিটিউট থেকে শোভাযাত্রা বের হবে। এছাড়া রয়েছে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।