২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা-তারেক দুর্নীতিবাজ, বিএনপি নেতারা জানেন: হানিফ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দলটির নেতারাই কারামুক্ত দেখতে চান না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2018, 05:44 PM

Updated : 19 Aug 2022, 01:43 PM

২১ মার্চ দলনেত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

শনিবার দুপুরে চট্টগ্রামের মুসলিম ইন্সটিটিউট হলে এ সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় মাহবুব-উল আলম হানিফ বলেন, “বিএনপি আসলে তাদের নেত্রীকে মুক্ত করতে চায়, এটা মনে হয় না। কারণ তিনি দুর্নীতিবাজ হিসেবে আদালতের রায়ে প্রতিষ্ঠিত।

“এটা বিএনপির নেতারাও জানেন- বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দুর্নীতিবাজ। জনগণ যেমন তাদের পছন্দ করে না, তেমনি বিএনপিরও অনেক শীর্ষ পর্যায়ের নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে পছন্দ করেন না।”

হানিফ বলেন, “তারা আসলে তাকে বের করতে চায় না। একারণে দেখেন তারা মাঝে মাঝেই বলছেন- কারাগারে যাওয়ার কারণে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এক নেতা তো বলেই বসলেন, প্রতিদিন না কি লক্ষ লক্ষ ভোট বৃদ্ধি পাচ্ছে।

“কি হাস্যকর কথা না! চুরি করে কেউ যদি অপরাধী হয়ে জেলে থাকেন তার জনপ্রিয়তা বাড়ে এরকম কথা কেউ শুনেছে পৃথিবীতে? চুরি করার কারণে মানুষ ঘৃণার পাত্র হয়।”

তিনি বলেন, “তারা চায় এভাবে কথা বলে বেগম খালেদা জিয়াকে কারাগারেই রেখে দিতে। তারা ভাবে এতে তাদের দলের জনপ্রিয়তা বাড়বে। আপনারা যা চাইবেন তাই হবে। যদি চান আপনাদের নেত্রী কারাগারে থাকবে, থাক। আমাদের এ ব্যাপারে বলার কিছু নেই।

“কিন্তু তথাকথিত আন্দোলনের নামে দুর্ভোগ সৃষ্টি করবেন, এটা বরদাস্ত করার সুযোগ নেই।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে হানিফ বলেন, “মার্কিন এফবিআই ও ব্রিটিশ গভর্নমেন্ট প্রতিবেদন দিয়ে বিএনপির অ্যাকটিং চেয়ারম্যান তারেক রহমানকে বলেছে- পলিটিক্যাল টেররিস্ট।

“রাজনৈতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে। রাজনৈতিক সন্ত্রাসী নয়, তারেক জিয়া আসলে একজন সন্ত্রাসী। সন্ত্রাসী হিসেবে রাজনীতির মধ্যে ঢুকেছে।”

উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

সভায় বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর কমিটির সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, উত্তর জেলার সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলার সভাপতি মোছলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

এছাড়া চট্টগ্রাম নগর এবং উত্তর ও দক্ষিণের সাংসদরা সভায় উপস্থিত ছিলেন।