২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় নিরপেক্ষ হওয়া যাবে না: ইকবাল সোবহান

দেশের স্বার্থ এবং জঙ্গিবাদের মতো বিষয় সামনে এলে তখন সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা না রাখার পক্ষে মত জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2018, 08:31 PM

Updated : 08 Apr 2022, 05:54 PM

সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্যে এই মত প্রকাশ করেন তিনি।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইকবাল সোবহান একটি দৈনিকের সম্পাদক। তিনি সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী ছিলেন।

ইকবাল সোবহান বলেন, “অনেকেই বলেছেন- সাংবাদিকদের নিরপেক্ষ হতে হবে। আমি বলি, সবসময় নিরপেক্ষ হলে সাংবাদিকতার দায়িত্ব পালন করা হবে না।

“দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের যখন প্রশ্ন আসবে বা দেশ কারও দ্বারা আক্রান্ত হবে, তখন নিরপেক্ষ নয়; আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়ে সাংবাদিকতা করতে হবে।”

একইভাবে সাম্প্রদায়িক শক্তি আগ্রাসী হলে তাদের বিরুদ্ধে কলম ধরার পরামর্শ দেন তিনি। জঙ্গি, মৌলবাদের বিরুদ্ধের পক্ষ নিয়ে কথা বলার আহ্বানও তিনি জানান।

তিনি বলেন, “স্বাধীনতা ও মানবতাবিরোধীদের বিচার হচ্ছে। তারা যখন এ বিচারকে বাধাগ্রস্ত করতে চায়, সে সময় নিরপেক্ষতার নামে তাদের যে অপতৎপরতা, সেটি আমি মেনে নিতে পারি না।”

বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক একুশের প্রথম কবিতা কবি মাহবুব ‍উল আলম চৌধুরীর ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটির মুদ্রণের প্রেক্ষাপট তুলে ধরেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, প্রক্টর আলী আজগর চৌধুরীও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

চবি সাংবাদিক সমিতির সভাপতি আহসাবুর রহমান সোয়েবের সভাপতিত্বে ও সমিতির সাবেক সদস্য ইফতেখার ফয়সালের সঞ্চালনায় সাবেকদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার উত্তম সেন‍গুপ্ত, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও আমাদের সময় পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান হামিদ উল্লাহ, বাসসের জ্যেষ্ঠ প্রতিবেদক মিয়া মো. আরিফ, সময় টিভির অ্যাসাইনমেন্ট এডিটর এহসান জুয়েল, সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য ইব্রাহীম কুতুবী।

আলোচনা সভার আগে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার পাশাপাশি শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাজ বিজ্ঞান অনুষদ চত্ত্বরে এসে শেষ হয়। বিকালে সাবেক সদস্যদের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।