চট্টগ্রামে ২৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪
চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আলাদা দুটি অভিযানে ২৪ হাজার ইয়াবাসহ চার জনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার সকালে ও সোমবার রাতে রেয়াজউদ্দিন বাজার ও এসএস খালেদ রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ জানিয়েছেন।
এরা হলেন- টেকনাফের জালিয়া পাড়ার বাসিন্দা হাসান জোহর (২৭), মো. শহীদুল (২০), ছেনোয়ারা বেগম (৩৯) ও ইউসুফ শিকদার (৫৩)। ইউসুফ ভোলার ভেতুরিয়া ও ছেনোয়ারা কক্সবাজারের তারাবুনিয়ার বাসিন্দা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রেয়াজউদ্দিন বাজারের গুলিস্তান হোটেলে অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবাসহ হাসান জোহর ও শহীদুলকে গ্রেপ্তার করা হয়।
পরে মঙ্গলবার এসএস খালেদ রোড থেকে ছেনোয়ারা ও ইউসুফকে গ্রেপ্তার করা হয় আরও ১২ হাজার ইয়াবাসহ।
