২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলা

চট্টগ্রাম নগরীতে ছাত্র ধর্মঘটের মধ্যে পুলিশের উপস্থিতিতে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে হামলা করলেও তা অস্বীকার করেছেন ছাত্রলীগ নেতারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 07:43 PM

Updated : 11 Oct 2022, 12:03 PM

উল্টো ছাত্রলীগের দাবি, পুলিশ ছাত্রজোটের মিছিলে ধাওয়া দিয়েছে, তারা নয়।

সোমবার দুপুরে কয়েক দফায় এই হামলার ঘটনা ঘটে। নগরীর দোস্ত বিল্ডিংয়েও হামলার অভিযোগ ছাত্রজোটের।

পরে বিকালে সংবাদ সম্মেলন করে হামলার ঘটনায় দোষীদের বিচার দাবি করেছে বাম ছাত্র সংগঠনের নেতারা।

ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সারাদেশে সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দেয় প্রগতিশীল ছাত্রজোট।

জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিক রিয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্মঘটের সমর্থনে মিছিল নিয়ে চেরাগী পাহাড় মোড়ের দিকে যাওয়ার সময় মুশফিক উদ্দিন ওয়াসিম নামের একজনকে মিছিলের পেছন থেকে তুলে নিয়ে যায় ছাত্রলীগের কয়েকজন।

“তাকে ছাড়াতে গেলে আমাদের ছয়-সাতজনক নেতাকর্মীকে লাঞ্চিত করে ছাত্রলীগের ছেলেরা।”

দুপুরে নিউ মার্কেটের অদূরে মিউনিসিপ্যাল স্কুলে ধরে নিয়ে এ্যানী সেন ও রাজেশ দাশগুপ্ত নামের দু’জনকে ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর করে বলেও অভিযোগ করেন আতিক রিয়াদ।

“চেরাগী পাহাড়ে সমাবেশ শেষে নিউ মার্কেট মোড়ে আরেকটি সমাবেশ করি আমরা। নিউ মার্কেট মোড়ে সমাবেশ শেষ করে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ফেরার সময় হামলা চালানো হয়।”

বিকালে দোস্ত বিল্ডিংয়ে পঞ্চম তলায় মাওলানা ভাসানী মিলনায়তনে সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদী) নগর সভাপতি তাজ নাহার নিপুন বলেন, সিটি কলেজ ছাত্রলীগের নেতাকর্মী এবং পুলিশ একযোগে হামলা করে।

“পরে তারা দোস্ত বিল্ডিংয়ে এসে বৃষ্টির মত ইট ছুড়ে মারে।” 

নিউ মার্কেট মোড়ের অদূরে দোস্ত বিল্ডিংয়ে বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের কার্যালয়।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদেরী জয় বলেন, “আমাদের যৌক্তিক দাবি নিয়ে চলমান আন্দোলনে জনগণের আগ্রহ সৃষ্টি হওয়ায় নিজেদের বিপন্ন মনে করে তারা এ হামলা চালিয়েছে।

“দোস্ত বিল্ডিং চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গন হিসেবে পরিচিত। এটা (হামলা) ন্যাক্কারজনক। চট্টগ্রামের রাজনীতি সচেতন মানুষ এটা মেনে নেবে না।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রনেতা আরিফ মঈনুদ্দিন, গোলাম সরওয়ার, কামাল এইচ রবিন, পার্থ প্রতিম নন্দী ও দেবরাজ চক্রবর্তী।

এদিকে হামলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি ইমতিয়াজ বাবলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সাপ্তাহিক মিছিল ছিল। মিছিল থেকে ধর্মঘটের বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়।

“তবে আমাদের সাথে তাদের কিছু হয়নি। পুলিশ সদস্যরা তাদের ধাওয়া দিয়েছিল।”

নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, দুটি মিছিল একই এলাকায় হওয়ায় পাল্টাপাল্টি স্লোগান হয়েছে। তারা দুই পক্ষকে সরিয়ে দিয়েছেন।