২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক বাড়ির ৪ নারীকে ধর্ষণ: গ্রেপ্তার আবু সামার স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ডাকাতি করতে গিয়ে এক বাড়িতে চার নারীকে ধর্ষণের মূল পরিকল্পনাকারী হিসেবে গ্রেপ্তার আবু সামা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2017, 09:08 PM

Updated : 19 Aug 2022, 06:15 PM

জবানবন্দিতে ঘটনায় জড়িত থাকার কথা আবু সামা স্বীকার করেছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী।

বুধবার সন্ধ্যায় মহানগর হাকিম আবু সালেম মো. নোমানের আদালতে জবানবন্দি দেন গ্রেপ্তার সামা।

মঙ্গলবার রাতে চট্টগ্রাম শহর থেকে সামাকে (৪৫) গ্রেপ্তার করে মামলার তদন্ত সংস্থা পিবিআই।

গত ১২ ডিসেম্বর রাতে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের এক বাড়িতে ডাকাতির সময় প্রবাসী তিন ভাইয়ের স্ত্রী ও তাদের এক বোনকে ধর্ষণ করা হয়।

ধর্ষণের শিকার নারীরা পরদিন মামলা করতে গেলে ঠিকানা জটিলতার কথা বলে মামলা নিতে গড়িমসি করে পুলিশ। পরে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর হস্তক্ষেপে পাঁচ দিন পর মামলা নেয় পুলিশ।

পুলিশের গড়িমসির অভিযোগের পর বিভিন্ন সংগঠন থেকে কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফাকে প্রত্যাহারের দাবি উঠার পর সোমবার সংবাদ সম্মেলনে আসেন চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) হারুণ উর রশিদ হাযারি।

তিনি মামলা নিতে কর্ণফুলী থানা পুলিশের ‘আংশিক’ ব্যর্থতার কথা স্বীকার করেন।

পরদিন পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলার তদন্তভার নেয় পিবিআই।

দায়িত্ব নেওয়ার দুই দিনের মধ্যে তারা মিজান মাতুব্বর ও আবু সামা নামে দুজনকে গ্রেপ্তার করে।

সোমবার রাতে গ্রেপ্তার মিজান মাতুব্বর আদালতে জবানবন্দিতে আবু সামাকেই দায়ী করেন বলে পিবিআই কর্মকর্তারা জানান।

পুরনো খবর:

চার নারী ধর্ষণ: ডাকাতির ‘পরিকল্পনাকারী’ গ্রেপ্তার