চট্টগ্রামে ওয়ার্কার্স পার্টির প্রশিক্ষণ
দেশব্যাপী প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম অঞ্চলের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ও আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
কর্মশালায় দলের পলিটব্যুরোর সদস্য নুর আহমদ বকুল বলেন, অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক রাজনীতির ধারাবাহিকতা ধরে রাখতে হবে। বিএনপি-জামায়াতসহ মৌলবাদী মতাদর্শের শক্তিরা এখনো মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার বিরোধিতা করে চলেছে।
পার্টির পলিটব্যুরোর আরেক সদস্য ড. সুশান্ত দাশ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সামাজিক ন্যায্যতা-সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ে তেলার জন্য পার্টির প্রত্যেক কর্মীকে সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় নেতা শরীফ শমশির, অধ্যাপক পাভেল রহমান, প্রশিক্ষণ বিভাগের সহযোগী সদস্য তানভীর রুসমত।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ওয়ার্কাকার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম জেলার সভাপতি আবু হানিফ।
দিনব্যাপী কর্মশালায় অংশ নেন চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, লহ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রাম জেলার কমিটির নেতৃবৃন্দ।
