ময়নাতদন্ত ছাড়াই পদদলনে নিহতদের শেষকৃত্য
চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে নিহত ১০ জনের শেষকৃত্য ময়নাতদন্ত ছাড়াই শেষ হয়েছে।
প্রশাসনের অনুমতিতে তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাহ করা হয় বলে সৎকারের তত্ত্বাবধানে থাকা বন্দরনগরীর ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত তিনজনকে নগরীর বলুয়াদীঘি মহাশ্মশানে দাহ করা হয়। আর বাকি সাতজনকে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় তাদের বাড়িতে পাঠিয়ে দাহ করা হয়েছে।
এদের মধ্যে সুধীর দাশ, ঝন্টু দাশ পিন্টু ও লিটন ভট্টাচার্য্যকে বলুয়ারদীঘির পাড় মহাশ্মশানে, কৃষ্ণপদ দাশকে নগরীর কাট্টলী শ্মশানে, সত্যব্রত ভট্টাচার্য্যকে রাঙামাটিতে, দীপঙ্কর দাশ রাহুলকে কক্সবাজার জেলার চকরিয়ায়, অলক ভৌমিককে সীতাকুণ্ডের ছোট কুমিরায়, লিটন দেবকে আনোয়ারায়, ধনা শীলকে বাঁশখালীতে এবং প্রদীপ তালুকদারকে ফতেয়াবাদে দাহ করা হয়।
এদের মধ্যে নয়জনের পরিচয় সোমবার জানা গেলেও অন্য জনের পরিচয় নিশ্চিত হওয়া যায় মঙ্গলবার।
লিটন ভট্টাচার্য্য নগরীর আসকার দীঘিরপাড় এলাকার বাসিন্দা ও পুজারি ব্রাহ্মণ।
এছাড়া ধনা শীল নগরীর লাভ লেইন এলাকার একটি সেলুনের মালিক।
নিহত কৃষ্ণ পদ দাশের আত্মীয়-স্বজন রংপুর থেকে আসার পর তাকে কাট্টলী শ্মশানে দাহ করা হয় বলে জানান জহরলাল হাজারী।
নগরীর বলুয়াদীঘি মহাশ্মশানে সোমবার গভীর রাতে পদদলনে নিহত তিনজনের মরদেহ দাহ করার সময় মহিউদ্দিন চৌধুরীর ছেলে আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বোরহানুল হাসান চৌধুরী সালেহীনসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
