২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনন্যা সাহিত্য পুরস্কার পেলেন বেগম মুশতারী শফী

লেখিকা-শহীদজায়া বেগম মুশতারী শফীকে এবার অনন্যা সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2017, 08:58 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে নারী বিষয়ক ম্যাগাজিন অনন্যার পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়।

অনন্যা সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক-নারীনেত্রী মালেকা বেগম, লেখিকা অধ্যাপিকা ফেরদৌস আরা আলীম।

অনুষ্ঠানের শুরুতে দলীয় সংগীত পরিবেশন করেন উদীচী শিল্পী গোষ্ঠী এবং আবৃত্তি পরিবেশন করেন প্রমা আবৃত্তি সংগঠনের শিল্পীরা।

অনুষ্ঠানের অতিথিরা শহীদজায়া বেগম মুশতারী শফীকে উত্তরীয় পরিয়ে দেন এবং ক্রেস্ট দিয়ে সম্মানা জানানো হয়।

শহীদজায়া ও শহীদভগ্নি বেগম মুশতারী শফী চট্টগ্রাম উদীচী শিল্পী গোষ্ঠীর বর্তমান সভাপতি।

তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো- মুক্তিযুদ্ধে চট্টগ্রামের নারী, চিঠি জাহানার ইমামকে, স্বাধীনতা আমার রক্তঝরা দিন। এছাড়া উপন্যাস, ভ্রমণকাহিনী, কিশোর গল্প, স্মৃতিচারণমূলক এবং মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ রচনা করেছেন।

ষাটের দশক থেকে চট্টগ্রামের সব প্রগতিশীল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন বেগম মুশতারী শফী।

শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনেও যুক্ত ছিলেন তিনি।এছাড়া যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচারের দাবিতে চট্টগ্রামে গড়ে ওঠা গণজাগরণের মঞ্চের আন্দোলনের সাথেও সম্পৃক্ত ছিলেন তিনি।