২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা গণহত্যার প্রতীকী বিচার

মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা গণহত্যার প্রতীকী বিচার হয়েছে চট্টগ্রামে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2017, 12:18 AM

Updated : 12 Apr 2022, 12:42 AM

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতীকী এ বিচারের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন সোসাইটি ফর ক্রিটিক্যাল স্টাডিজ (এসসিএলএস)।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আইনজীবীরা অংশ নেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতীকী বিচারের রায়ে মিয়ানমারের সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে ইতিহাসের এ জঘন্যতম হত্যাকাণ্ড হয়েছে বলে মত প্রকাশ করা হয়।

প্রতীকী এ আদালতে বিচারক প্যানেলের চেয়ারম্যান ছিলেন ব্যারিস্টার আমীরুল ইসলাম। তাদের ‘বিচারকার্য’ সম্পাদিত হয় আর্ন্তজাতিক আদালতের নিয়ম অনুসরণ করে।

এতে পক্ষে-বিপক্ষের অ্যাটর্নিরা তাদের মামলা এবং এ সম্পর্কিত নিজেদের বক্তব্য বিচারকের সামনে তুলে ধরেন।

বিচারপ্রক্রিয়া শেষে রায়ে দোষী সাব্যস্ত হয় মিায়ানমার সরকার।

রায় প্রদানকালে প্রতীকী ট্রাইব্যুনালের চেয়ারম্যান আমীরুল ইসলাম বলেন, “মামলার সবগুলো উপাদান বিচার বিবেচনায় এটি প্রতীয়মান হয় যে মিয়ানমারে গণহত্যা হয়েছে এবং এর জন্য দায়ী মিয়ানমার সরকার।”

এ ধরনের বিচারের মাধ্যমে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে বলে মনে করছেন আয়োজকরা।

প্রতীকী আদালতে প্রধান বিচারকের সাথে ছিলেন শিক্ষক এস এম মাসুম বিল্লাহ এবং লইয়ার্স ক্লাব বাংলাদেশের সম্পাদক অ্যাডভোকেট বদরুল হাসান কচি।

এসময় উপস্থিত ছিলেন চটগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রতন কুমার রায়।

প্রতীকী আদালত শেষে রোহিঙ্গা সমস্যা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চটগ্রাম বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাহমান নাসির উদ্দীনসহ অনেকে।

মুক্ত আলোচনায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক এবং এসসিএলএস’র মডারেটর নির্মল কুমার সাহা।