চট্টগ্রামে মেয়াদোউত্তীর্ণ পণ্য বিক্রিতে জরিমানা
মেয়াদোউত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোসহ কয়েকটি অপরাধে দুটি আলাদা অভিযানে ৯৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার নগরীর চান্দগাঁও ও কোতোয়ালিতে এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চান্দগাঁও আবাসিক এলাকায় মেয়াদোউত্তীর্ণ কুকিজ বিক্রি করায় ‘সেফওয়ে’ নামের এক সুপারশপকে ৫০ হাজার টাকা ও অতিরিক্ত মুনাফা করায় লিয়াকত স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে একই এলাকায় মূল্য তালিকা না টাঙানোয় জেবি স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান মোরাদ আলী।
নগরীর কোতোয়ালি বক্সিরহাট ও রিয়াজউদ্দিন বাজারে আরেকটি অভিযানে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন পরিমাপক যন্ত্র ব্যবহার, মূল্য তালিকা না টাঙানো ও অতিরিক্ত মূল্য আদায় করায় ১৩ দোকানদের মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার ও শান্তা রহমান।
