সোনা চোরাচালানের মামলায় একজনের ৬ বছর কারাদণ্ড
সোনা চোরাচালানের মামলায় চট্টগ্রামে এক ব্যক্তিকে ছয় বছরের সাজা দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্ত বেলাল উদ্দিন (৩৫) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কেয়াফত নগর এলাকার নুর আলমের ছেলে।
বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ রায় দেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি বেলালকে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেছে।
জরিমানা না দিলে তাকে আরও তিন মাস কারাগারে কাটাতে হবে বলে জানান তিনি।
“সকালে উকিলের মাধ্যমে আসামি বেলাল আদালতে হাজিরা দেন। কিন্তু রায় ঘোষণার আগে বেলালকে খোঁজ করে আর পাওয়া যায়নি” বলেন এই আইনজীবী।
দুবাই প্রবাসী বেলাল বিমানে দেশে ফেরার পথে ২০১৫ সালের ৩১ মার্চ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে র্যাবের হাতে ধরা পড়েন। তল্লাশি চালিয়ে তার কাছে ১৯টি সোনার বার পাওয়া যায়।
র্যাব-৭ এর পরিদর্শক অমল চন্দ্র বাদি হয়ে মামলাটি করেন।
এ মামলায় ২০১৫ সালের ২৬ মে অভিযোগপত্র দেওয়ার পর আসামি বেলালের বিরুদ্ধে ওই বছরের ১ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়।
