শাহ আমানতে যাত্রীর পায়ুপথে সোনার বিস্কুট
চট্টগ্রামের শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ছয়টি সোনার বিস্কুট উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মোর্শেদ আলী চৌধুরী জানান, মোহাম্মদ হাসানুদ্দিন নামের ওই ব্যক্তি মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রামে নামেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হওয়ায় হাসানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সে পায়ুপথে সোনার বিস্কুট লুকিয়ে রাখার কথা স্বীকার করেন।”
মোর্শেদ আলী জানান, উদ্ধার ছয়টি সোনার বিস্কুটের ওজন প্রায় ৭০ গ্রাম। সব মিলিয়ে দাম প্রায় ৩৫ লাখ টাকা।
আটক হাসানের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে শুল্ক গোয়েন্দারা জানিয়েছেন।
