সীতাকুণ্ডে পুলিশবাহী মাইক্রো পাহাড় থেকে পড়ে নিহত ১
চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আট পুলিশ সদস্যসহ ১০ জন।
চন্দ্রনাথ পাহাড়ে দায়িত্ব পালন শেষে শনিবার রাতে থানায় ফেরার পথে ইকোপার্কে এ দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউর রহমান জানান।
নিহত কনস্টেবল মো. মোস্তফা সীতাকুণ্ড থানায় নিয়োজিত ছিলেন।
আহতরা হলেন- চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মোকাদ্দেস, এসআই হিরো, সীতাকুণ্ড থানার এসআই সুজয় কুমার মহাজন, কনস্টেবল সাজেদুল ইসলাম, সাইফুল ইসলাম, ইমরুল, শামছু, মোস্তফা জামাল ও চালক মো. আশরাফ।
পুলিশ কর্মকর্তা রেজাউর বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, হাতহতরা সবাই চন্দ্রনাথ পাহাড়ে দায়িত্ব পালন করেন। রাত সোয়া ৮টার দিকে দায়িত্ব শেষ করে ইকোপার্ক দিয়ে একটি মাইক্রোবাসে করে থানায় ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে পড়ে গিয়ে একটি গাছের সাথে আটকে যায়।
পরে পাহাড়ে উঠতে যাওয়া লোকজন ও অন্য পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান, আহত অবস্থায় পুলিশ সদস্যদের হাসপাতালে নিয়ে আসা হলে কনস্টেবল মোস্তফাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিব চতুদর্শী উপলক্ষে চন্দ্রনাথ পাহাড়ে শুক্রবার থেকে তিন দিনব্যাপী মেলা ও শিব পূজা চলছে। হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান চন্দ্রনাথ পাহাড়ে প্রতিবছর এই সময় দেশ-বিদেশের বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়।
