‘ধীর গতিতে হলেও সাক্ষরতায় অগ্রগতি হচ্ছে’
ধীরগতিতে হলেও দেশে সাক্ষরতার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে বলে বেসরকারি সংস্থা ‘গণসাক্ষরতা অভিযান’র এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে গণসাক্ষরতা অভিযান ও ব্র্যাক’র যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় গবেষণা প্রতিবেদন ‘এডুকেশন ওয়াচ–২০১৬’ প্রকাশ করা হয়।
এতে বলা হয়, বাংলাদেশ ইতোমধ্যেই সাক্ষরতার বিভিন্ন স্তরে অগ্রগতি অর্জন করেছে। তবে এ অগ্রগতি বছরে গড়ে মাত্র শূন্য দশমিক ৭ শতাংশ।
গণসাক্ষরতার অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে গবেষণা প্রতিবেদনের তথ্য–উপাত্ত ও সুপারিশমালা উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির উপপরিচালক কে এম এনামুল হক।
প্রতিবেদনে বলা হয়, ২০০২ সালে পুরুষদের সাক্ষরতার হার ছিল ৪৭ দশমিক ৬ শতাংশ। ২০১৬ সালে এ হার বেড়ে দাঁড়ায় ৫৪ শতাংশে। নারীর ক্ষেত্রে এ হার ২০০২ সালে ছিল ৩৫ দশমিক ৪ শতাংশ এবং ২০১৬ সালে ৪৯ শতাংশ।
প্রতিবেদন অনুসারে, চট্টগ্রামে এ হার সবচেয়ে কম ৪৫ দশমিক ৪ শতাংশ, এরপর ঢাকায় ৪৮ দশমিক ৩, রাজশাহীতে ৫২ দশমিক ৯ ও খুলনায় ৫৩ দশমিক ৯ শতাংশ।
আর সবচেয়ে বেশি বরিশাল বিভাগের গ্রামীণ এলাকায় ৫৭ দশমিক ৩ শতাংশ। গ্রামীণ এলাকার বাইরে মেট্রোপলিটন শহর ও পৌরসভায় এ হার যথাক্রমে ৬৩ দশমিক ৩ শতাংশ এবং ৫৬ দশমিক ৫ শতাংশ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার পরিচালক দীপক চক্রবর্তী বলেন, সাক্ষরতার হারে চট্টগ্রাম বিভাগ পিছিয়ে আছে। এটি চিন্তার বিষয়। তবে এ বিভাগে পার্বত্যাঞ্চল ও দ্বীপাঞ্চল রয়েছে। এগুলো অনেক প্রত্যন্ত এলাকায় অবস্থিত।
“এখানে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার অনেক বেশি। শিক্ষার্থীদের ঝরে পড়ার কারণ খুঁজে বের করতে হবে এবং এর থেকে উত্তরণের জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
রাশেদা কে চৌধুরী বলেন, সংবিধানে এক ধারার শিক্ষার কথা বলা হলেও দেশে তিন ধারার শিক্ষা (বাংলা ও ইংরেজি মাধ্যম, মাদ্রাসা) বিদ্যমান।
“আবার এখানে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান কোনো রকম জবাবদিহি ছাড়াই পরিচালিত হচ্ছে। তাদের আয়ের উৎস কী তা স্পষ্ট নয়।”
বিশ্বের কোথাও এভাবে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হয় না বলে মন্তব্য করেন তিনি।
রাশেদা কে চৌধুরী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। এজন্য রাজনৈতিক নেতৃত্বকে একমত হতে হবে।
দেশের সাতটি প্রশাসনিক বিভাগের গ্রামীণ এলাকা, সিটি করপোরেশন এবং পৌরসভার ২৭০টি গ্রাম ও মহল্লার ৩ হাজার ৫১০টি থানায় চারটি ভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে জরিপকাজ পরিচালনা করা হয়।
জরিপে অংশ নেন ১১ হাজার ২৮০ জন, যাদের ৫৩ দশমিক ৬ শতাংশ নারী।
প্রতিবেদনে বলা হয়, ২০০২ সালে পুরুষদের সাক্ষরতার হার ছিল ৪৭ দশমিক ৬ শতাংশ। ২০১৬ সালে এ হার বেড়ে দাঁড়ায় ৫৪ শতাংশে। নারীর ক্ষেত্রে এ হার ২০০২ সালে ছিল ৩৫ দশমিক ৪ শতাংশ এবং ২০১৬ সালে ৪৯ শতাংশ।
বিভিন্ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মোবাইল। জরিপে অংশ নেওয়া ৭৮ ভাগেরও বেশি মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন।
টেলিভিশন ব্যবহার করেন ৬২ দশমিক ১ শতাংশ, রেডিও ৬ দশমিক ৫ শতাংশ ও কম্পিউটার ব্যবহার করেন ৪ দশমিক ১ শতাংশ।
গবেষণা প্রতিবেদনে সুপারিশ করা হয়, বিদ্যালয়ভিত্তিক শিক্ষার মান অবশ্যই উন্নত করতে হবে, মাধ্যমিক স্তরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণে অংশগ্রহণের হার বাড়াতে হবে, ইন্টারনেট ব্যবহার বৃদ্ধির মাধ্যমে শিক্ষার বিস্তার ঘটানোর সব সম্ভাবনাকে সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে এবং সাক্ষরতা, দক্ষতা উন্নয়ন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ব্যাপক বৈষম্য অবশ্যই দূর করতে হবে।
সভায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমান বিল্লাহ, চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী বিএম শরিফুল ইসলাম, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নজরুল ইসলাম, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, চট্টগ্রামের সহকারী পরিচালক জুলফিকার আমিন, বাংলাদেশ কলেজ–বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সচেতন নাগরিক কমিটির (সনাক) চট্টগ্রামের আহ্বায়ক দেলোয়ার মজুমদার, শিক্ষাবিদ আনোয়ারা আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শাহাবউদ্দিন নিপু।
