২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাত মাসের শিশুকে অপহরণের ১০ ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রামে অপহরণের ১০ ঘণ্টা পর সাত মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পতেঙ্গা থানা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2016, 07:59 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

সোমবার বিকালে আকবর শাহ থানার কর্নেল হাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধারের পাশাপাশি তিন অপহরণকারীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন পতেঙ্গা থানার ওসি মো. আলমগীর।

গ্রেপ্তার হলেন- জান্নাত বেগম ওরফে আসমা (২৬),  শামীম মাহমুদ (২৭) ও মো. আলাউদ্দিন (৩৭)।

ওসি আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক মাস আগে আসমা ও শামীম স্বামী-স্ত্রী পরিচয়ে পতেঙ্গা থানার মুসলিমাবাদ এলাকায় হাবিবুর রহমান নামে এক ব্যক্তির বাসায় সাবলেট হিসেবে ভাড়া নেয়।

“সকাল ৭টার দিকে কৌশলে তারা হাবিবুর রহমানের সাত মাস বয়সী শিশুটিকে অপহরণ করে নিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।”

পরিবারের পক্ষ থেকে বিকাশে পাঁচ হাজার টাকা পরিশোধ করে বিষয়টি পুলিশকে জানানো হয় বলে জানান তিনি

পরে পুলিশ ফাঁদ পেতে কর্নেল হাট এলাকা থেকে বিকালে শামীমকে আটক করে জানিয়ে পুলিশ কর্মকর্তা আলমগীর বলেন, “এসময় শামীমের দেওয়া তথ্য অনুযায়ী ওই এলাকা থেকে আলাউদ্দিন ও আসমাকে আটক করে ওই শিশুকে উদ্ধার করা হয়।”

ওসি বলেন, গ্রেপ্তার তিনজন অপহরণকারী চক্রের সদস্য। এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি অপহরণ মামলা করেছেন।