২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিথ্যা প্রতিবেদন’ দেওয়ায় ৪ পুলিশের বিরুদ্ধে মামলা

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মিথ্যা প্রতিবেদন দিয়ে মানহানির অভিযোগে চট্টগ্রামে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন এক নারী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2016, 09:23 PM

Updated : 20 Aug 2022, 01:22 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহে নূরের আদালতে মামলাটি করা হয়।

মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন- নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) দীপক জ্যোতি খীসা, বায়েজিদ থানার ওসি মো. মহসিন, এসআই মো. কামাল হোসেন খান ও কনস্টেবল সিরাজুল ইসলাম।

বাদী রেজিয়া বেগমের নগরীর বায়েজিদ থানার সুলতানী মঞ্জিল মার্কেটে ‘জিনাত হকার্স ট্রেডার্স’ নামের একটি দোকান আছে।

বাদী পক্ষের আইনজীবী সৈয়দ জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত মামলাটি গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারকে নির্দেশ দিয়েছেন।”

রেজিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বায়েজিদ এলাকার রফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন, মোজাম্মেল হোসেন, ওহিদুল আলম, হাসান উল্লাহ, রেজাউল করিম ও দিদারুল আলম আমার দোকানে গিয়ে চাঁদা দাবি করত।

“২০১৪ সালে আমি চাঁদা দিতে আপত্তি জানাই। এ নিয়ে থানায় অভিযোগও করি। এরপর থেকে আমার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয়।”

আইনজীবী সৈয়দ জহির হোসেন বলেন, রেজিয়া বেগম চাঁদাবাজির অভিযোগ করায় তার বিরুদ্ধে ২৫টি মামলা করা হয়। রেজিয়াও কয়েকটি পাল্টা মামলা করেন।

রেজিয়ার বিরুদ্ধে মামলাকারীরা গত বছর নগর পুলিশের উপ-কমিশনারের (উত্তর) কাছে একটি লিখিত অভিযোগ করেন। তার তদন্তে সহকারী কমিশনারকে (পাঁচলাইশ) নির্দেশ দেওয়া হয়।

নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) ও অন্য পুলিশ কর্মকর্তারা সাত মাস সময় নিয়ে ওই অভিযোগের বিষয়ে প্রতিবেদন জমা দেন।

আইনজীবী সৈয়দ জহির বলেন, “ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করা হয়। এরপর রেজিয়া বেগমের বিরুদ্ধেই প্রতিবেদন দেওয়া হয়।

“ওই প্রতিবেদনে রেজিয়া বেগমকে মামলাবাজ উল্লেখ করে মানহানিকর বিভিন্ন মন্তব্য করা হয়।”

পুলিশ সদস্যরা চাঁদা দাবিকারী সাত ব্যক্তির সঙ্গে যোগসাজশে ‘দুর্নীতির’ মাধ্যমে এই ‘মিথ্যা প্রতিবেদন’ দেন বলে দাবি আইনজীবী সৈয়দ জহিরের।

রেজিয়া বলেন, তার বিরুদ্ধে করা তিনটি মামলা ইতোমধ্যে আদালতে খারিজ হয়ে গেছে।