২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পিডিবির অভিযান, মামলা-জরিমানা

বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে চট্টগ্রামে ৪১টি মামলা ও ৪৪টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 11:06 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

এসময় অবৈধ সংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবহার করায় এক লাখ ৭৫ হাজার টাকা জরিমানাও করেছে পিডিবি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বুধবার পিডিবি চট্টগ্রাম কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নগরীর পাহাড়তলী, ডাবলমুরিং ও মাদারবাড়ি এলাকায় অভিযানে মোট ৮৯ লাখ ২০ হাজার ৪১৭ টাকা বকেয়া থাকায় এসব মামলা ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন চট্টগ্রাম পিডিবির বিদ্যুৎ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহিউদ্দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাহাড়তলী থানার কর্ণেল হাট, উত্তর কাট্টলি, দক্ষিণ কাট্টলি, সরাইপাড়া ও মনছুরাবাদ এলাকায় অভিযানে মোট ৩৩ লাখ ৬০ হাজার টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ১৫টি মামলা করা হয়।

এসময় এসব এলাকায় বেশ কয়েকটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন মোট ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে ডাবলমুরিং থানার বিভিন্ন এলাকায় অভিযানে মোট ৪৩ লাখ টাকা ১৮ হাজার ২৯৩ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ১৬ মামলা ও অবৈধ বিদ্যুৎ ব্যবহারের দায়ে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মাদামবাড়ির স্ট্যান্ড রোড, ডিটি রোড, ঝাড়ুগলি, মতিয়ারপোল, নুর হোসেন মার্কেট, ধনিয়াল পাড়া, কদমতলী, টং ফকির মাজার, পশ্চিম মাদারবাড়ি ও মোগলটুলি এলাকায় অভিযানে ১২ লাখ ৪৫২ হাজার টাকা বকেয়া থাকায় ১০ মামলা ও অবৈধ সংযোগ ব্যবহারের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।