শ্রদ্ধার ফুলে শহীদস্মরণ চট্টগ্রামে
শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ বেদীতে ফুল দিয়ে স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণ করছে চট্টগ্রামবাসী।
শনিবার প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করে শ্রদ্ধা জানাতে আসা মানুষের মিছিল।
রাত ১২টা এক মিনিটে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে। এরপর শহীদ মিনারে ফুল দেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বাবু।
একে একে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহীদুর রহমান ও দেবদাস ভট্টাচার্য।
চট্টগ্রামের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার এরপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ, নগর বিএনপি, নগর যুবলীগ, নগর স্বেচ্ছাসেবক লীগ, উত্তর জেলা যুবলীগ ও উত্তর জেলা ছাত্রলীগ পৃথকভাবে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেছে।
সকালে শহীদ মিনারে শ্রদ্ধা জানায় কমিউনিস্ট পার্টি, উদীচী, গণজাগরণ মঞ্চ, ওয়ার্কার্স পার্টি, বাসদ, জাসদ, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, পেশাজীবী সমন্বয় পরিষদ, আবৃত্তি সংগঠন প্রমা ও বোধন।
২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান।
অবশ্য তার আগেই ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে এক জনসভায় বাঙালির অবিসংবাদিত এই নেতা বলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”
নয় মাসের যুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মদান, আড়াই লাখ মা-বোনের সম্ভ্রমহানি এবং জাতির অসাধারণ ত্যাগের বিনিময়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।
সাধারণ ছুটির দিনে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা অনুষ্ঠানে পালিত হচ্ছে গৌরবের দিনটি।
নগরীর জামালখান এলাকার ‘লিচুবাগান আড্ডা’ নামে একটি সংগঠন রক্তদান কর্মসূচির আয়োজন করে। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেস ক্লাবও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে এদিন।
