চাকরিচ্যুতির প্রতিবাদে চসিক কর্মীদের বিক্ষোভ
ছয়জন পরিচ্ছন্নতা কর্মীকে চাকরিচ্যুত করার প্রতিবাদে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) সচিবের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন চতুর্থ শ্রেণির কর্মচারীরা।
বুধবার বেলা ১২টায় সিটি করপোরেশন ভবনের তৃতীয় তলায় সচিবের কার্যালয়ের সামনে শুরু হওয়া বিক্ষোভে ছয়জনকে চাকরিতে পুনর্বহালের দাবি জানান সিবিএ নেতারা।
পরে মেয়র আ জ ম নাছির উদ্দিনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা বিক্ষুব্ধরা সেখান থেকে সরে সরে যান।
একদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ছয়জন পরিচ্ছন্নতাকর্মীকে চসিকের সদ্য বদলী আদেশ পাওয়া সচিব রশীদ আহমদ চাকরিচ্যুত করেছেন বলে অভিযোগ সিবিএর সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরীর।
রশীদ আহমদকে সম্প্রতি চা বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দিয়ে বদলীর আদেশ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মোরশেদ বলেন, “এর আগেও নানা অজুহাতে সচিব রশীদ আহমদ চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরিচ্যুত করেছেন।”
কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে গত তিন মাসে চতুর্থ শ্রেণির ৮৬ জন কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে দাবি সিবিএ নেতা মোরশেদের।
“কারণ দর্শানোর নোটিসের যথাযথ জবাব দেওয়ার পরও তাদের চাকরিচ্যুত করা হয়েছে।”
চট্টগ্রাম সিটি করপোরেশন (ফাইল ছবি)
“করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শৈবাল দাশ সুমন সরেজমিনে বিভিন্ন স্থানে পরিদর্শন শেষে ১৫ পরিচ্ছন্নতা কর্মীর কাজ না করে ভুয়া স্বাক্ষরে বেতন তোলার বিষয়টি বুঝতে পেরে অভিযোগ দেন।”
তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয় পরিচ্ছন্নতাকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানান সচিব রশীদ আহমেদ।
