চট্টগ্রামে এক হোটেলকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
রান্না করা সবজি কয়েকদিন ধরে ফ্রিজে রেখে পরিবেশন করার দায়ে নগরীতে এক হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার নগরীর ওয়াসার মোড়ের তাওয়াক্কুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেশ কয়েকদিন ধরে রান্না করা সবজি ফ্রিজে রেখে পরিবেশন করে আসছিল তাওয়াক্কুল হোটেল।
“এছাড়াও রান্নায় ব্যবহার করা হচ্ছিল পোড়া তেল। এসব কারণে তাওয়াক্কুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
