পালিয়ে গেল বর, মেয়ের বাবাও
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে বিয়ে করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়েছেন বর।
সোমবার বিকালে উপজেলার উত্তর গোমদন্ডির বাংলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আদালত পরিচালনাকারী বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তর গোমদন্ডি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে এলাকার মো. রফিকের প্রবাসী ছেলের মো. ইকবালের বিয়ের আয়োজন করা হয় পারিবারিকভাবে।
বিষয়টি জানতে পেরে বিকালে মেয়ের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় জানিয়ে তিনি বলেন, “আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বর ইকবাল ও মেয়ের বাবা। এরপর দুই বাড়িতে অভিযান চালিয়েও বর এবং মেয়ের বাবাকে পাওয়া যায়নি।”
দেওয়ান মোহাম্মদ তাজুল জানান, ঘটনাস্থলে অভিভাবক হিসেবে মেয়ের মা ও বরের ভাই মো. ইলিয়াছকে পাওয়া যায়। তাদেরকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
পরিণত বয়সের আগে তাদের যেন বিয়ে না হয় সে ব্যাপারে স্থানীয় গণমান্য ব্যক্তিদের নজর রাখার আদেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
