চট্টগ্রামে তিনটি অগ্নিকাণ্ড, ক্ষতি ৩ লক্ষাধিক টাকার
চট্টগ্রাম নগরী, সাতকানিয়া ও পটিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকটি বসতঘর ও একটি মুদি দোকান পুড়ে তিন লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার মধ্যরাত থেকে ভোরের মধ্যে এসব অগ্নিকাণ্ড ঘটে বলে আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর হুমায়ুন কবীর জানান।
রাত দেড়টার দিকে সাতকানিয়ার বাজালিয়া এলাকায় বৈদ্যুতিক গোলযোগে কয়েকটি বসতবাড়িতে আগুন লাগে।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘণ্টাখানেকের চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার আগে চারটি কাঁচা ঘর ছাই হয়ে যায়।
এখানে প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে যায়।
সকাল ৬টার দিকে পটিয়ার ভাটিখাইন চার নম্বর এলাকায় বৈদ্যনাথের মালিকানাধীন একটি মুদি দোকানে আগুন লেগে প্রায় লাখ টাকার মালামাল পুড়ে যায়।
পরে পটিয়া ফায়ার স্টেশনের একটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা হুমায়ুন।
অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।
আধাঘণ্টা পর নগরীর নতুন চাক্তাই এলাকার বেড়া মার্কেটে আগুনে পোড়ে একটি কাঁচা ঘর।
লামা বাজার ফায়ার স্টেশনের একটি গাড়ি আগুন নেভায়।
বিড়ি বা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ড হয়েছে বলে ধারণা হুমায়ুন কবিরের।
ওই বসতঘরের প্রায় ২০ হাজার টাকার মালামাল পুড়েছে বলেও জানান তিনি।
