বাজারে আগুন, পুড়ল অর্ধশত ছাগল
চট্টগ্রামে ডাবলমুরিংয়ে একটি বাজারে আগুনে পুড়ে মারা গেছে দুই ব্যবসায়ীর ৫২টি ছাগল।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে পোস্তার পাড় এলাকায় ছাগলের বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রাজ্জাক জানান।
আগুনে দুই ব্যবসায়ীর প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাজ্জাক বলেন, বাজারের ভেতরে দেওয়ানহাট রেললাইনের পূর্ব পাশে দুটি কাঁচাঘরে ছাগলগুলো রাখা হয়েছিল।
বিড়ি কিংবা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে জানিয়ে তিনি বলেন, “ঘরগুলোর পাশে কাগজের স্তুপ ছিল। মনে হচ্ছে কাগজের স্তুপে শুরুতে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে।”
এই বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা ছাগল এনে ওই ঘরগুলোতে রাখেন। পরে নগরীর বিভিন্ন হাটের ব্যবসায়ী ও কসাইরা এখান থেকে ছাগল কিনে নেন।
