২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে যুবককে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের বাঁশখালীতে ধর্ষণসহ বেশ কয়েকটি মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2015, 03:10 PM

Updated : 25 Apr 2022, 01:56 PM

নিহত মোহাম্মদ টিটু (২৭) বাঁশখালীর টুইটং এলাকার মৌলভী জাফরের ছেলে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে দক্ষিণ পুঁইছড়ি এলাকায় তার ওপর হামলা হয় বলে বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার-পাঁচজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টিটুকে গুরুতর জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয় বলে জানান ওসি।

এ ঘটনায় শুক্রবার দুপুর দেড়টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ওসি বলেন, “টিটুর বিরুদ্ধে ধর্ষণসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সে গাঁজা সেবন করত। কয়েক মাস আগে সে অন্য এক ব্যক্তির স্ত্রীকে নিয়ে এসে বিয়েও করে। এ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধ ছিল।”

পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানান তিনি।