২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দর চ্যানেলে ৯টি লাইটার জাহাজকে জরিমানা

কর্ণফুলী নদীতে বন্দর চ্যানেল আটকে রাখাসহ নানা অপরাধে নয়টি লাইটার জাহাজকে মোট তিন লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 09:57 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভ্যন্তরীণ নৌচলাচল অধ্যাদেশ ১৯৭৬ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অধ্যাদেশ-১৯৭৬ অনুসারে এসব জরিমানা করা হয়েছে।”

অভিযানে এমভি সাইফুর রহমানকে ৬০ হাজার টাকা, এমভি টিটু-১২ কে ৫০ হাজার টাকা এবং এমভি ক্রাউন মেরিনার্স-১ ও এমভি আকিজ লজিস্টিক-৪ কে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানান তিনি।

এছাড়া এমভি প্রাইড অব শাহ আমানত ও এমভি মরিয়ম যুশীকে ৩০ হাজার টাকা করে, এমভি প্রিন্স সিয়ামকে ২৫ হাজার টাকা, ওটি আম্মানকে ২০ হাজার টাকা এবং এমভি ক্রাউন মেরিনার্স-৮ কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

আবুল হাসেম বলেন, “বন্দরের চ্যানেলে (জাহাজ চলাচলের পথ) বাধা সৃষ্টি করা, মাস্টার ও চালকের বৈধ সনদ না থাকা, অনুমতি ছাড়া চ্যানেলে অবস্থান করে মেরামত কাজ করা এবং অগ্নিনির্বাপন সরঞ্জাম না থাকায় এসব জরিমানা করা হয়।”

এ সময় বন্দরের প্রসিকিউশন অফিসার মো. আরেফিন ও পেশকার আমিনুল ইসলাম উপস্থিতি ছিলেন। অভিযানে সহায়তা করে বন্দরের নিজস্ব আনসার বাহিনী।