২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতে ‘ব্যবসায়ীদের বাধা’

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে ভেজাল মসলার বিরুদ্ধে অভিযানে গিয়ে বাধার মুখে পড়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 09:25 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

বুধবার নগরীর ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযানে গেলে বাধা দেয় ব্যবসায়ীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক অভিযানে থাকা এক কর্মকর্তা বলেন, বাধা দেওয়ার পর ওই প্রতিষ্ঠানের চার কর্মচারীকে আটক করার চেষ্টা করলে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে উঠে।

এসময় প্রতিবাদের মুখে তাদের ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে চার প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত।

যে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সেগুলো হল- সুমন ট্রেডিং ১০ হাজার টাকা, তাহের অ্যান্ড সন্স পাঁচ হাজার টাকা, নুরুল আলম সওদাগর ক্রাসিং মিল পাঁচ হাজার টাকা ও খাতুনগঞ্জ ক্রাসিং মিলকে পাঁচ হাজার টাকা।

অস্বাস্থ্যকর পরিবেশে মেশিনে মসলা গুঁড়া করার অপরাধে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অবশ্য অভিযানে দায়িত্বে থাকা সিসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, “সুমন ট্রেডিং নামে মসলা কারখানাকে দশ হাজার টাকা জরিমানা করলে তারা প্রথমে তা পরিশোধ করতে অনীহা প্রকাশ করে। পরে আমরা পুলিশের মাধ্যমে আদায় করি।”

বাধা দেওয়ার বিষয়ে নাজিয়া শিরিন বলেন, “প্লাস্টিকের বস্তার পরিবর্তে পরিবেশবান্ধব পাটের বস্তা ব্যবহার করার অনুরোধ জানিয়েছিলাম। সুমন ট্রেডিং থেকে দুটি প্লাস্টিকের বস্তা নমুনা হিসেবে নিতে চাইলে তারা মনে করে আমরা সব বস্তা জব্দ করব। এ নিয়ে ওই দোকানের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ভুল বোঝাবুঝি হয়।”