২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩ ফার্মেসি সিলগালা

চট্টগ্রামে ভেজাল ওষুধ বিক্রি ও সনদ নবায়ন না করায় তিন ফার্মেসি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 09:14 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

বুধবার নগরীর ডিসি রোড ও বাটালি রোডে জেলা প্রশাসন পরিচালিত আদালতের অভিযানে নয়টি ফার্মেসিকে মোট ৫৯ হাজার টাকা জরিমানাও করা হয়।

সিলগালা করা তিন ফার্মেসি হল- বাকলিয়া থানার ডিসি রোডের মেসার্স চৌধুরী মেডিক্যাল ফার্মেসি, ইউনিভার্সাল মেডিসিন এবং কোতোয়ালি থানার বাটালি রোডের সেবা মেডিকো।

এর মধ্যে চৌধুরী ম্যাডিকেলকে ১০ হাজার টাকা এবং ইউনিভার্সাল ও সেবা মেডিকোকে দুই হাজার টাকা করে জরিমানাও করা হয়।

দীর্ঘদিন ধরে লাইসেন্স নবায়ন না করায় এ তিন প্রতিষ্ঠানকে সিলগালা করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

ভেজাল ওষুধ বিক্রি করায় আরও ছয়টি ফার্মেসিকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এরমধ্যে বাটালি রোডের হোয়াইট হর্স ফার্মা লিমিটেড ডিপোকে ২০ হাজার টাকা এবং ডিসি রোডের এস এম ড্রাগ হাউজ, আর এন মেডিকো, আলো মেডিকো, কিউ এস ফার্মেসি ও মতিয়ার রহমান মেডিক্যাল স্টোর এর প্রত্যেকটিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, ভেজাল ওষুধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।