চট্টগ্রামে এক ধর্ষকের যাবজ্জীবন
১৫ বছরের আগে এক কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।
দণ্ডিত শফিকুল আলম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা এলাকার আবদুল মালেকের ছেলে।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে।”
শফিকুল ঘটনার পর গ্রেপ্তার হলেও পরে জামিনে মুক্ত হয়ে পালিয়ে যায় বলে জানান জেসমিনা।
মামলায় বলা হয়, ২০০০ সালের ১৮ অক্টোবর বিকালে ওই কিশোরী (১৪) করলডেঙ্গা পাহাড়ে গরু আনতে যায়। এসময় নিজের গরু না পেয়ে শফিকুলের কাছে জানতে চাইলে সে ওই কিশোরীকে বলে ‘গরুটি পাহাড়ের ভিতরে গেছে।’ তার কথা মত পাহাড়ের ভিতরে গরু আনতে গেলে শফিকুল তাকে ধর্ষণ করে।
পরদিন কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেন।
এ মামলায় ২০০১ সালের ২২ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০০১ সালের ১৬ অগাস্ট অভিযোগ গঠন করে আদালত।
মামলার ১০ জন সাক্ষীর মধ্যে ছয় জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত রায় দেন।
