২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ধর্ষণের দায়ে ৭ জনের যাবজ্জীবন

১৮ বছর আগে বাসযাত্রী এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের মামলার সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 07:49 PM

Updated : 25 Apr 2022, 01:46 PM

সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শামসুদ্দিন, রিয়াজুর রহমান, আবদুল মালেক, বদর রহমান, দেলোয়ার মিয়া, কামলা উদ্দিন ও মোক্তার হোসেন।

মামলার মোট আট আসামির মধ্যে মোখতার হোসেনের মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে রিয়াজুর রহমান, বদর রহমান, দেলোয়ার মিয়া ও কামাল উদ্দিন কারাগারে রয়েছেন। বাকিরা পলাতক রয়েছেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিনা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৯৯৫ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৬(৩) ধারা অনুসারে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।”

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৭ সালের ২২ ডিসেম্বর নগরীর মুন্সি পুকুর পাড় এলাকার বাসিন্দা ওই তরুণী (২৫) তার মা ও ছোট বোনকে (১০) নিয়ে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গড়দুয়ারা এলাকায় খালার বাড়িতে যাওয়ার জন্য রওনা হন।

নগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বাসটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চন্দনাইশ উপজেলার দেওয়ানহাট এলাকায় পৌঁছায়। ওই সময় বাসচালকের সহকারী রিয়াজুর রহমান যাত্রীদের জানায় বাস আর যাবে না।

অন্য যাত্রীদের সঙ্গে ওই তরুণী এবং তার মা ও বোন বাস থেকে নেমে সড়কের পাশে অন্য বাসের জন্য অপেক্ষায় ছিলেন। অন্য বাসে তুলে দেওয়ার কথা বলে রিয়াজুর রহমান ওই তরুণী এবং তার মা ও বোনকে ওয়ারলেস এলাকায় একটি আলু ক্ষেতে নিয়ে যায়।

এর পর মা ও বোনকে গাছের সঙ্গে বেঁধে রেখে শামসুদ্দিন, রিয়াজুর রহমান ও আবদুল মালেক ওই তরুণীকে ধর্ষণ করে। এরপর অন্য পাঁচ আসামিকে ডেকে আনার পর তারাও তরুণীকে ধর্ষণ করে।

এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে আট জনকে আসামি করে মামলা করেন।

আইনজীবী জেসমিনা আক্তার জানান, ১৯৯৮ সালের ১৬ জুন পুলিশ মামলার অভিযোগপত্র দেওয়ার পর ১৮ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।

মামলার ১৫ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত রায় দেয় বলে জানান তিনি।