২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

হঠাৎ সামনে অটো, নিয়ন্ত্রণ হারিয়ে মেয়রের গাড়ির ধাক্কা পুলিশ ভ্যানে

এতে মেয়রের গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত এবং দুই পুলিশ সদস্য সামান্য আঘাত পেয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2023, 04:50 PM

Updated : 10 Dec 2023, 04:50 PM

নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে একটি অটোরিকশা হঠাৎ সামনে চলে আসায় মেয়র রেজাউল করিমকে বহনকারী গাড়ি ব্রেক করায় নিয়ন্ত্রণ রাখতে না পেরে প্রটোকলের পুলিশের গাড়িকে ধাক্কা দিয়েছে।

এতে মেয়রের গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত এবং দুই পুলিশ সদস্য সামান্য আঘাত পেয়েছেন।

বেলা ১টার দিকে নগরীর বহদ্দারহাটের বাড়ি থেকে টাইগারপাসে অস্থায়ী নগর ভবনে যাচ্ছিলেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

আখতারুজ্জামান ফ্লাইওভারের সিএন্ডবি কলোনি সংলগ্ন অংশে মেয়রের গাড়ি পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।

মেয়রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল মো. ফখরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাড়ি নিয়ে সিটি করপোরেশনের দিকে যাচ্ছিলাম আমরা। হঠাৎ সামনে একটা অটোরিকশা চলে আসে।

“তখন মেয়র মহোদয়ের গাড়িটি ব্রেক করে। এতে গাড়িটি প্রটোকলের পুলিশের গাড়িটিকে ধাক্কা দেয়। মেয়র মহোদয়ের গাড়ির সামনের অংশে লেগেছে। আমাদের দুয়েকজন হঠাৎ ধাক্কা লাগায় একটু ব্যথা পেয়েছে।”

পরে মেয়র তাকে বহনকারী সাদা মিতসুবিশি গাড়িটি থেকে নেমে অন্য গাড়িতে করে নগর ভবনে যান। এরপর গাড়ি ফ্লাইওভার থেকে সরিয়ে নেয়া হয়। পুলিশের ভ্যানটিরও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।