Published : 23 Dec 2025, 08:59 PM
দেড় যুগ যুক্তরাজ্যে কাটানো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিন তাকে স্বাগত জানাতে চট্টগ্রাম বিভাগ থেকে ঢাকায় অন্তত ৭ লাখ লোকের সমাগম ঘটবে বলে নেতাকর্মীরা দাবি করেছেন।
বাস-ট্রেনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি নিয়েও নেতাকর্মীরা ইতোমধ্যে ঢাকায় যাওয়া শুরু করেছেন বলে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল জানিয়েছেন।
মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “চট্টগ্রাম বিভাগের ১০টি ইউনিট থেকে সাত থেকে ১০ লাখ লোকের সমাগম ঘটবে ঢাকায়। আজকে (মঙ্গলবার) থেকে নেতাকর্মীরা ঢাকায় যাওয়া শুরু করেছেন।
“দলের পক্ষ থেকে ভাড়া করা বাস, হাইসের পাশাপাশি অনেকেই ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকায় যাবেন।”
দেড় যুগ ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন তারেক রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগ দিয়ে বৃহস্পতিবার তার দেশে ফেরার কথা রয়েছে। এ উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের তরফে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলের নেতাকে স্বাগত জানাতে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় উপস্থিত থাকবেন সেদিন।
দিনটিতে ১০ রুটে বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে। পাশাপাশি নিয়মিত ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হচ্ছে। এজন্য স্বল্প দূরত্বের তিন ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
শুধু চট্টগ্রাম জেলা থেকে এক লাখের বেশি লোকের ঢাকায় সমাগম হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মীর হেলাল বলেন, “এ ধরনের সাড়া অতীতে আমরা কখনও পাইনি। অন্যান্য সময়ে যে পরিমাণ লোক আমাদের কর্মসূচিতে আসত, তার চেয়ে ১০ গুণ বেশি লোকের সমাগম হতে পারে ২৫ ডিসেম্বর।”
তিনি বলেন, তার নির্বাচনি এলাকা হাটহাজারী থেকে একশর বেশি বাস ও ৮৫টি মাইক্রোবাস ভাড়া করা হয়েছে দলের নেতাকে স্বাগত জানাতে।
চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, চট্টগ্রাম মহানগর থেকে ১৫ হাজারের বেশি নেতাকর্মী তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকা যাচ্ছেন। ইতোমধ্যে অনেকেই ঢাকা পৌঁছে গেছেন।
“যাদের ঢাকায় থাকার ব্যবস্থা আছে, তাদের আমরা নিজ দায়িত্বে চলে যেতে বলেছি। কাল (বুধবার) যারা যাবেন তাদের জন্য চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে একশটির বেশি বাস, হাইস ভাড়া করা হয়েছে।
পাশাপাশি আন্তঃনগর তূর্ণা নিশিথা, চট্টগ্রাম মেইল ও স্পেশাল ট্রেনে অনেকেই ঢাকা যাবেন বলে নাজিমুর রহমান জানিয়েছেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, “চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে অন্তত ১৫ হাজার লোক ঢাকায় যাবেন তারেক রহমানকে স্বাগত জানাতে। বিভিন্ন উপজেলা থেকে ইতোমধ্যে বাসা, হাইস ভাড়া করা হয়েছে। আবার অনেকেই ব্যক্তিগত গাড়ি ও ট্রেনেও যাবেন ঢাকায়। সাংগঠনিকভাবে লোক সমাগমের পাশাপাশি মনোনয়ন পাওয়া নেতা এবং ব্যক্তিগত উদ্যোগেও অনেকে ঢাকা যাবেন।”
তিনি বলেন, “আজ (মঙ্গলবার) সন্ধ্যা পর্যন্ত আমার কাছে তথ্য আছে, পটিয়া উপজেলা থেকে ১২টি, সাতকানিয়া-লোহাগাড়া উপজেলা থেকে ছয়টি, বোয়ালখালী উপজেলা থেকে চারটি বাসে করে লোকজন যাবেন। এর বাইরে আনোয়ারা, বাঁশখালী থেকেও লোকজন যাবে।
“তাছাড়া কর্ণফুলী উপজেলা থেকে ২০টি, সাতকানিয়া লোহাগাড়া থেকে বাসের পাশাপাশি আটটি হাইস ভাড়া করা হয়েছে দলীয় কর্মীদের ঢাকায় নিতে।”