১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাইবার অপরাধের শিকারদের সহায়তায় সিএমপির ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স’ সেন্টার

ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও কাজ করবে এই সেন্টার।

সাইবার অপরাধের শিকারদের সহায়তায় সিএমপির ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স’ সেন্টার
চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনসে মঙ্গলবার ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স’ সেন্টারের উদ্বোধন করেন চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসান শওকত আলী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2026, 09:20 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা দিতে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স’ সেন্টারের চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি। 

মঙ্গলবার দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইনসে এই সেন্টারের উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান শওকত আলী। 

সিএমপি বলছে, নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা, সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা দেওয়া ছাড়াও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করবে এই সেন্টার। 

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, “সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের মাধ্যমে নাগরিকদের অনলাইন প্রতারণা, হ্যাকিং, ফেইক আইডি ও অন্যান্য সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও ঘটনার ধরন অনুযায়ী তাৎক্ষণিক করণীয় বিষয়ে পরামর্শ এবং দিকনির্দেশনা দেওয়া হবে।

“সাইবার অপরাধ সংক্রান্তে স্ক্রিনশট, লিংক, কল রেকর্ড, এসএমএস ও অন্যান্য ডিজিটাল তথ্য সংরক্ষণে সহায়তা এবং পাসওয়ার্ড সুরক্ষা, গোপনীয়তা রক্ষা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা, ডিজিটাল নিরাপত্তা বিষয়ে পরামর্শ দেওয়া হবে।” 

সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-কমিশনার (সদর) ফেরদৌস আলী চৌধুরী, উপ-কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা, উপ- কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, উপ-কমিশনার (সিএসবি) গোলাম রুহুল কুদ্দুস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।