Published : 08 Jan 2026, 05:01 PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
সমাজবিজ্ঞান অনুষদভুক্ত সব বিভাগ, আইন অনুষদভূক্ত আইন বিভাগ ও জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ ও ব্যবসা প্রশাসন অনুষদভুক্ত সব বিভাগ নিয়ে গঠিত এই ‘ডি’ ইউনিট গঠিত। এই ইউনিটের পাসের হার ৩৪ দশমিক ৫৬ শতাংশ।
ডি ইউনিটে ৮৪৯টি আসনের বিপরীতে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ১৫৬ জন।
মেধা তালিকায় প্রথম হওয়া শিক্ষার্থী পেয়েছেন ৯০ দশমিক ৫০ নম্বর।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘ডি ইউনিটের’ ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক মোহাম্মদ এনায়েত উল্ল্যা পাটওয়ারী এ তথ্য জানায়।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। বিস্তারিত ফল জানতে পরীক্ষার্থীদের নিজ নিজ প্রোফাইল লগইন করতে হবে।
৩ জানুয়ারি ডি ইউনিটের পরীক্ষায় ৫১ হাজার ৫০৫ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪৭ হাজার ৩৬২ জন।
ঢাকা কেন্দ্রে উপস্থিতির হার ৯০ দশমিক ১৮ শতাংশ, রাজশাহী কেন্দ্রে উপস্থিতির হার ৯৩ দশমিক ০৭ শতাংশ, চট্টগ্রাম কেন্দ্রে উপস্থিতির হার ৯৩ দশমিক ৫৫ শতাংশ। সব কেন্দ্র মিলিয়ে উপস্থিতির হার ৯১ দশমিক ৯৯ শতাংশ।
মোট আবেদনের হিসাবে ডি ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে প্রতিযোগিতা করেছেন প্রায় ৬০ জন শিক্ষার্থী।
এরপর পর্যায়ক্রমে ‘সি’ ইউনিটের শুক্রবার এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।