Published : 11 Feb 2026, 03:09 PM
চট্টগ্রাম নগরীতে কেন্দ্রে কেন্দ্রে ব্যালটপেপারসহ অন্যান্য নির্বাচনি সরঞ্জাম পৌঁছানো হচ্ছে।
বুধবার সকাল থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ও বন্দর স্টেডিয়াম থেকে ভোটের সরঞ্জাম কেন্দ্রে পাঠানো শুরু হয়।
চট্টগ্রামের অতিরিক্তি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দর স্টেডিয়াম থেকে চট্টগ্রাম ১১ আসনের এবং চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে মহানগরীর অন্যান্য আসনগুলোর নির্বাচনি সরঞ্জাম প্রিজাইডিং অফিসারদের বুঝিয়ে দেওয়া হচ্ছে।
এছাড়া বিভিন্ন উপজেলার কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসাররা স্ব স্ব আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের কেন্দ্রের সরঞ্জাম বুঝে নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত বলেন, “প্রিজাইডিং কর্মকর্তারা বিকাল ৫টার মধ্যে নির্বাচনি সরঞ্জাম বুঝে নিয়ে তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে রিপোর্ট করবেন। রাতের বেলা কেন্দ্রে বুথ তৈরিসহ সার্বিক কার্যক্রম সম্পন্ন করবেন প্রিজাইডিং কর্মকর্তারা।”
এদিকে ভোটের সরঞ্জাম পাঠানোর সময় সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪, ৫, ৮-১০ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিন।
তিনি সাংবাদিকদের বলেন, “এবারের নির্বাচনের প্রস্তুতি দেশের অতীতের সব নির্বাচনের চেয়ে বড় প্রস্তুতি।”
নির্বাচন নিয়ে প্রশাসন কোনো ধরনের ‘ঝুঁকি অনুভব করছে না’ মন্তব্য করে তিনি বলেন, “উৎসাহ উদ্দীপনার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে নির্বিঘ্ন করতে সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করে করছে। আমরা প্রত্যেক কেন্দ্রের ওপর বিশেষ নজর দিচ্ছি।”

চট্টগ্রাম জেলার ১০টি কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবার ভালো।
“নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর ৪০ হাজারের বেশি ফোর্স, ১১৫ জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করছে। তাদের অধীনে স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।”
চন্দনাইশে মঙ্গলবার রাতে টাকা জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।