Published : 04 Apr 2026, 03:49 PM
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ সংকটের মধ্যে একদিনের ব্যবধানে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ দেশে এসে পৌঁছেছে।
‘এমটি শান গ্যাং ফা শিয়ান‘ নামের জাহাজটি ৩৪ হাজার টন পরিশোধিত তেল নিয়ে শনিবার ভোর রাতে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে ভিড়েছে বলে বন্দর সচিব সৈয়দ রেফাত হামিম জানিয়েছেন।
জাহাজটি মালয়েশিয়া থেকে এসব পরিশোধিত তেল নিয়ে বাংলাদেশে এসেছে। আর জাহাজেরও তেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।
এর আগে শুক্রবার ২৭ হাজার টন ডিজেল নিয়ে ‘এমটি ইউয়ান জিং হে‘ নামে অপর একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। সিঙ্গাপুর থেকে আসা জাহাজটি এখন বন্দরের ডলফিন জেটিতে তেল খালাস করছে।
এ নিয়ে চলতি মাসে দুইদিনে পৃথক জাহাজ দুটিতে করে মোট ৬১ হাজার টন পরিশোধিত ডিজেল দেশে আসল।
তার্গেল মঙ্গলবারে ‘পিভিটি সোলানা’ নামে একটি জাহাজ ৩০ হাজার টন ডিজেল নিয়ে বন্দরের ডলফিন জেটিতে এসেছিল।
বাংলাদেশে বছরে গড়ে ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেলের প্রয়োজন। চাহিদার ২০ শতাংশ অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি করা হয়। বাকি ৮০ শতাংশ জ্বালানি তেল পরিশোধিত অবস্থায় আনা হয় সিঙ্গাপুর, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ সাতটি দেশ থেকে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসির তথ্য অনুযায়ী, চলতি এপ্রিলে দেশে ডিজেলের চাহিদা প্রায় ৪ লাখ টন। এ মাসে আরও সোয়া ৩ লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা আছে।
ইতোমধ্যে ১ লাখ ৬৫ থেকে ৬৮ হাজার টন ডিজেল আসার নিশ্চয়তা পাওয়া গেছে। এর বাইরে প্রায় দেড় লাখ টনের মতো ডিজেল মজুদ রয়েছে।
আরও পড়ুন -