Published : 20 Nov 2025, 06:00 PM
চট্টগ্রামের নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে একটি গাড়ি ছিটকে নিচের সড়কে পড়ে এক বাইসাইকেল আরোহীর প্রাণ গেছে, আহত হয়েছেন চারজন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বন্দর থানাধীন নিমতলা মোড়ের কাছে শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে থেকে টয়োটা হ্যারিয়ার গাড়িটি পড়ে যায়।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়িটি পতেঙ্গার দিক থেকে আসছিল। নিমতলা মোড় ও বন্দর থানার মাঝামাঝি স্থানে গাড়িটি এক্সপ্রেসওয়ে থেকে নিচে বারিক বিল্ডিংমুখী সড়কে ছিটকে পড়ে।

“এ ঘটনায় প্রাইভেট কারে থাকা গুরুতর আহত এক তরুণীসহ চারজনকে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পথচারী শফিককে (৫৫) মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শফিক হাসপাতালে মারা যান।”
পরে তিনি জানান, এক্সপ্রেসওয়ের নিচে গাড়ি চাপা পড়ে নিহত শফিক বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। গাড়িটি উপর থেকে তার ওপর পড়ে।
নিহত শফিক চট্টগ্রাম বন্দরের কর্মচারী বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।
ফয়সাল নামে প্রত্যক্ষদর্শী এক কিশোর বলেন, গাড়িটি নিচে পড়ার পর বিকট শব্দ হয়। কাছে আসার পর দেখা যায় গাড়িটি একদিকে উল্টে পড়ে আছে এবং চাকা ঘুরছে। সেখান থেকে ১৭-১৮ বছর বয়সী এক মেয়ে বের হয়ে আসে।

“আমরা মিলে সেখান থেকে তিনজনকে বের করি। তাদের মধ্যে দুইজনের বয়স ১৮-২০ বছর এবং চালকের বয়স আরেকটু বেশি হতে পারে।”
নিচের সড়কের পাশে মাটির স্তূপ ছিল এবং গাড়িটিতে এয়ার ব্যাগ থাকায় হতাহাতের সংখ্যা কম হয়েছে বলে মনে করছেন পুলিশসহ প্রত্যক্ষদর্শীরা।
এদিকে দুর্ঘটনার পর ওই সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ বিধ্বস্ত গাড়িটি উদ্ধার করে বন্দর থানায় নিয়ে রাখে। কিছু সময় পর যান চলাচল স্বাভাবিক হয়।