বোয়ালখালীর পাহাড়ে যুবকের হাত-পা বাঁধা লাশ
পুলিশ ঘটনা তদন্ত করছে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা এলাকার পাহাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে স্থানীয়রা পাহাড়ের একটি লিচু বাগানে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তার পরনে ছিল লুঙ্গি ও টিশার্ট।
নিহত যুবক ওমর ফারুক, তার বয়স ২৫; চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা গ্রামের মো. ওসমানের ছেলে হলেন ফারুক।।
বোয়ালখালী থানার ওসি মো. মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফারুক গেল ২ জুন সরফভাটার বাড়ি থেকে বের হন বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন।
“বোয়ালখালীর গুচ্ছগ্রামে তার ভগ্নিপতির বাড়ি আছে। তবে যে পাহাড়ে লাশ উদ্ধার হয়েছে সেটি থেকে গুচ্ছগ্রাম অনেক দূরে। আমরা এখন ঘটনাস্থলে আছি। তথ্য সংগ্রহের চেষ্টা করছি। পরে বিস্তারিত বলতে পারব।”
