১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউয়ে’ অংশ নিতে শ্রীলংকার পথে ‘বিএনএস প্রত্যয়’

বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদ ও বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ  সেই ‘ফ্লিট রিভিউয়ে’ অংশ নেবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2025, 08:53 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

শ্রীলংকান নৌবাহিনীর ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিয়ে ‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউয়ে’ অংশ নিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস প্রত্যয়’।

বৃহস্পতিবার শ্রীলংকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়েছে প্রত্যয়। জাহাজে অধিনায়ক রয়েছেন ক্যাপ্টেন তৌহিদুল হক ভূঁইয়া। ২৯ কর্মকর্তাসহ মোট ১৫০ জন নৌ সদস্য রয়েছেন দলে।

আইএসপিআর জানিয়েছে, শ্রীলংকান নৌবাহিনীর ৭৫ বছর পূর্তি ঘিরে আগামী ২৭ থেকে ৩০ নভেম্বর কলম্বোতে ‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউ’ হবে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদ ও বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ অংশ নেবে।

সেই বহরে অংশ নিতে বিএনএস প্রত্যয় চট্টগ্রাম ত্যাগ করার আগে নৌবাহিনীর রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্যযন্ত্র পরিবেশন করে। স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তারা এবং জাহাজে যাওয়া নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফ্লিট রিভিউয়ে’ অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্রপথে জলদস্যুতা, মাদক ও চোরাচালান, মানবপাচার ও অবৈধ মৎস্য আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, পাশাপাশি মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

এর আগেও বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন দেশের ‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউয়ে’ অংশ নিয়েছে।

‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউ’ শেষে বিএনএস প্রত্যয় আগামী ৫ ডিসেম্বর চট্টগ্রামে ফিরবে, বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।