Published : 19 Jul 2026, 12:21 PM
চট্টগ্রামে ইন্টারনেট সেবার এক কোম্পানিতে হামলার ঘটনায় আরও আটজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
র্যাব-৭ রোববার জানিয়েছে, হামলার ঘটনায় ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও থেকে শনাক্ত করে 'প্রধান সমন্বয়কারী'সহ এ আটজনকে গ্রেপ্তার ও হামলায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার চারজনের হামলার ছবি প্রকাশ করে এই বাহিনী।
দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে র্যাব জানিয়েছে।
গত সোমবার দুপুরে বন্দর নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় ডিজিটাল ডট নেট (ডিডিএন) নামে একটি ইন্টারনেট সেবার কোম্পানিতে হামলা-ভাঙচুর চালায় এক দল লোক।
কোম্পানির মালিক পক্ষের অভিযোগ, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের অনুসারী বিদেশে পালিয়ে থাকা মোবারক হোসেন ইমন ওরফে ডেবিট ইমন এককালীন দুই কোটি টাকা ও মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল তাদের কাছ থেকে। ওই টাকা না পেয়ে হামলা ঘটানো হয়। বিষয়টি নিয়ে ইমনের সঙ্গে কোম্পানির মালিকের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।

ওই ঘটনায় চকবাজার থানায় মামলা করেন ডিডিএনের এক কর্মকর্তা। সেখানে অভিযোগ করা হয়, গত ১১ জুলাই ডিডিএনের মালিক আদিল বিন মাহমুদের নম্বরে ডেভিড ইমন পরিচয়ে ফোন করে এককালীন ২ কোটি টাকা ও মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোমবার দুপুরে বাকলিয়া এক্সেস রোডে তাদের কোম্পানিতে ৩০/৪০ জন ‘সন্ত্রাসী’ অস্ত্রশস্ত্র নিয়ে অফিসে গিয়ে অতর্কিত ভাঙচুর শুরু করে। বিভিন্ন ধরনের কম্পিউটার, ল্যাপটপ, আসবাব, গ্লাস ভাঙচুর করে অন্তত ১৫ লাখ টাকা ক্ষতি করে। ‘সন্ত্রাসীরা’ তিনটি মোবাইল ফোন, ড্রয়ার থেকে নগদ ৪৭ হাজার এবং কোম্পানির পরিচালকের কাছ থেকে ৩৫ লাখ টাকা ভর্তি ব্যাগ নিয়ে যায়।
হামলার ঘটনার দুই দিনের মাথায় পুলিশ আট জনকে গ্রেপ্তার করেছিল।
তারা হলেন- মো. ইউনুস (৪১), ইমরান হোসেন চ্যাং (৩১), আকবর হোসেন (২৪), মো. সুমন (২৭), গিয়াস উদ্দিন (২১), মো. নয়ন (২০) ও আবদুল নাহিদ ওরফে ফরহাদ (২৮)।
চট্টগ্রামে ইন্টারনেট সেবার কোম্পানিতে হামলা, ৮ জন গ্রেপ্তার
চট্টগ্রামে 'চাঁদা না পেয়ে' ইন্টারনেট সেবার কোম্পানিতে ভাঙচুর, লুট