১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফটিকছড়িতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, এসআইসহ ২ জনের মৃত্যু

দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 09:44 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক এসআইসহ দুজনের প্রাণ গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতলী এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- খাগড়াছড়ির মানিকছড়ি থানার এসআই সাইফুল ইসলাম ও হাফিজুর রহমান। এসআই সাইফুলের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া ও হাফিজুরের বাড়ি খাগড়াছড়ির মানিকছড়িতে।

দুর্ঘটনায় মানিকছড়ি থানার কনস্টেবল আব্দুল্লাহ আল নোমান ও মো. রিপন নামে দুজন আহত হয়েছেন।

ফটিকছড়ি থানার ওসি নূর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যায় এসআই সাইফুল ও কনস্টেবল নোমান মোটরসাইকেলে করে মানিকছড়ি থেকে ফটিকছড়ির দিকে যাচ্ছিলেন। বিপরীতমুখী মোটরসাইকেলে ছিলেন হাফিজুর ও রিপন।

“আমতলী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজনই গুরুতর আহত হন। তাদের নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক এসআই সাইফুল ও হাফিজুরকে মৃত ঘোষণা করেন।”

ওসি বলেন, গুরুতর আহত কনস্টেবল নোমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপনের চিকিৎসা চলছে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে।