চট্টগ্রামে ডায়াগনস্টিক সেন্টারের কক্ষে মিলল বিপণন কর্মকর্তার লাশ
“শুনেছি রাশেদুল ইসলাম স্থানীয় হেয়াকো বনানী ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, তবে কমিটির তালিকা বা কিছু পাইনি,” বলেন ওসি।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি রোগ নির্ণয়কেন্দ্র (ডায়াগনস্টিক সেন্টার) থেকে এক যুবকের লাশ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।
নিহতের নাম রাশেদুল ইসলাম (২৫)। তিনি ওই ডায়াগনস্টিক সেন্টারে বিপণন কর্মকর্তা পদে চাকরি করতেন। পুলিশ তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানাতে পারেনি।
রোববার উপজেলার হেয়াকো বাজারে পল্লী ডায়াগনস্টিক সেন্টার থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় সেখানে মো. আরমান (২৫) নামে এক যুবককে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়।
রাশেদুল ও আরমান সম্পর্কে চাচাত ভাই বলে পুলিশ জানিয়েছে। তাদের বাড়ি হেয়াকো বাংলাবাজার এলাকায়।
ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক বসার একটি রুমে রাতে রাশেদুল ও আরমান ছিলেন। সকালে সেখানকার কর্মচারিরা এসে কক্ষটি খুলতে গেলে ভেতর থেকে আটকানো দেখতে পান।
“ভেতরে দুজনকে শুয়ে থাকতে দেখে ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে সেখানকার কর্মীরা বাজার থেকে মিস্ত্রি ডেকে আনেন। এরপর দরজা কেটে ভেতরে ঢুকে পুলিশকে খবর দেন।”
ওসি বলেন, “রাশেদুল ও আরমানের শরীরে কোনো জখমের চিহ্ন নেই। আরমানকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাশেদুলের লাশ ময়নাতদন্ত করানো হবে।”
ওসি আরও বলেন, কয়েকজনের কাছে শুনেছি, রাশেদুল স্থানীয় হেয়াকো বনানী ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তবে কোনো ধরনের কমিটির তালিকা বা কিছু আমরা পাইনি।”
