Published : 14 Apr 2026, 04:58 PM
চট্টগ্রামে এক যুবককে আটকের পর পিস্তল উদ্ধার করে পুলিশ বলছে, ‘পিস্তলটি থানা থেকে লুট করা। যেটি তিনি অন্য এক জনের কাছে বিক্রি করে ছিলেন’।
মঙ্গলবার ভোররাতে নগরীর খুলশী থানার মতিঝর্ণা এলাকা থেকে মিনহাজ উদ্দিন (২১) নামের ওই যুবককে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।
পরে তাকে নিয়ে লালখান বাজারের তুলাপুকুর পাড়ের একটি বাসা থেকে নাইন এমএম বোরের তরাশ পিস্তলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই বাসার আমির হোসেন (৩৬) পলাতক আছে।
নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাহবুব আলম খান জানান, সোমবার গভীর রাতে মতিঝর্ণা এলাকা থেকে মিনহাজকে আটকের পর তাকে নিয়ে তুলাপুকুর পাড় এলাকায় আমির হোসেনের বাসায় অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়।

উদ্ধার করা পিস্তলটি ২০২৪ সালের ৫ অগাস্ট ডবলমুরিং থানা থেকে লুট করা হয়েছিল দাবি করে তিনি বলেন, “লুট করা পিস্তলটি মিনহাজ ৫০ হাজার টাকা দিয়ে আমির হোসেনের কাছে বিক্রি করেছিলেন।”
এ ঘটনায় মিনহাজ ও আমির হোসেনের বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলে জানান উপ কমিশনার মাহবুব।
জুলাই অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন জেলার মত চট্টগ্রামের থানাসহ পুলিশের স্থাপনাগুলোতে একের পর এক হামলা হতে থাকে। নির্বিচারে আক্রমণ হতে থাকে থানায়; ভাঙচুর ও লুটপাট করা হয় অনেক থানায়।
ওই সময় নগরীর ১৬টি থানার মধ্যে ছয়টি থানার অস্ত্র লুট হয়েছিল বলে পুলিশ জানিয়েছিল।
ঘটনার পর বিভিন্ন সময়ে নগর পুলিশ কর্মকর্তারা জানিয়েছিলেন, তাদের কেন্দ্রীয় অস্ত্রাগারের হিসাবে ছয়টি থানার বিভিন্ন ধরনের মোট ৮১৫টি অস্ত্র লুটের তথ্য পাওয়া গেছে। এগুলোর মধ্যে কিছু অস্ত্র বিভিন্ন ব্যক্তিরা এসে ফেরত দিয়েছিলেন।
বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়।