বিয়ের সাত দিনের মাথায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু
“ডেঙ্গুর শক সিনড্রমের পাশাপাশি তার (তানভীর) হার্টে ব্লক ছিল। এছাড়া ওজনও বেশি ছিল।”
চট্টগ্রামে বিয়ের সাত দিনের মাথায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
ইফফাত নূর তানভীর নামের ২৮ বছর বয়সী ওই যুবক বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এমএফএস কোম্পানি নগদের একজন বিক্রয় প্রতিনিধি ছিলেন তানভীর। তিনি বোয়ালখালী উপজেলার আমতল এলাকার নূর মোহাম্মদের ছেলে। চট্টগ্রাম শহরের ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের তেল্লাপুকুর পাড় এলাকায় তিনি থাকতেন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডেঙ্গুর শক সিনড্রমের পাশাপাশি তার (তানভীর) হার্টে ব্লক ছিল। এছাড়া ওজনও বেশি ছিল।”
তানভীরের প্রতিবেশী ইরফান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১১ সেপ্টেম্বর তানভীরের বিয়ে হয়।
“জ্বরে অসুস্থ হয়ে পড়লে শনিবার সকালে ওকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই আমি। বুধবার ওকে আইসিইউতে ভর্তি করে। আজ বিকেল ৩টায় ও মারা গেল।”
পরিবারের সদস্যরা তানভীরের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন জানিয়ে ইরফান চৌধুরী বলেন, “তানভীরের মা নাসিমা বেগম অসুস্থ হয়ে পড়েছেন। উনাকে গতকালই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
বুধবার রাতেই বোয়ালাখী উপজেলার আমতল এলাকায় তানভীরকে দাফন করা হয়েছে।
চলতি বছর চট্টগ্রাম জেলায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৭ জন তাদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে।
