২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা-জবাবদিহিতার সীমানা নিজেরাই নির্ধারণ করুন: সাংবাদিকদের তথ্যমন্ত্রী

“কোনো স্বাধীনতা যদি দায়িত্বের কাঠামোর মধ্যে আবদ্ধ করা না যায়, তাহলে সেই স্বাধীনতার সুফল ভোগ করা যায় না “

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2026, 09:18 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

সাংবাদিকদের স্বাধীনতা আর জবাবদিহিতার সীমানা নিজেদেরকেই নির্ধারণ করতে বললেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা চাই গণমাধ্যমে পূর্ণ স্বাধীনতা থাকুক। আমাদের নির্বাচনি প্রতিশ্রুতির মধ্যেও গণমাধ্যমের স্বাধীনতার কথা আমরা উচ্চারণ করেছি।”

তিনি বলেন, “কোনো স্বাধীনতা যদি দায়িত্বের কাঠামোর মধ্যে আবদ্ধ করা না যায়, তাহলে সেই স্বাধীনতার সুফল ভোগ করা যায় না। আবার যদি এই কাঠামো বা জবাবদিহিতার ঠিকানা এক তরফাভাবে সরকার নির্ধারণ করতে চায়, তাহলে অতীতের সরকারের সঙ্গে আমাদের কোনো পার্থক্য থাকবে না।

“আপনাদের স্বাধীনতা আর জবাবদিহিতার সীমানা আপনারাই নির্ধারণ করবেন।”

তথ্যমন্ত্রী স্বপন বলেন, “গণমাধ্যম আধুনিক রাষ্ট্রব্যবস্থার কোনো আনুষ্ঠানিক স্তম্ভ নয়। কিন্তু এটি বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইন বিভাগের পাশাপাশি এমনভাবে বিরাজ করে যে কারণে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়।” 

সরকারের কর্মকাণ্ডগুলো জনগণের সামনে তুলে ধরে সরকারকে ‘জবাবদিহিতার কাঠামোর মধ্যে আবদ্ধ রাখতে’ সাংবাদিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। 

চট্টগ্রাম ক্লাবের সুইমিং পুল সাইডে অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংসদ সদস্য আবু সুফিয়ান, সাঈদ আল নোমান, জামায়াত নেতা ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে'র মহাসচিব কাদের গণি চৌধুরী।

‘ভুল থেকে শিক্ষা’

অতীত সরকারের ‘ভুল’ থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার কথা বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, “আপনারা স্থায়ী সরকার, আমরা নির্বাচিত হয়ে নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পালন করি। রাষ্ট্রের মালিক জনগণ, আমরা কেবল তাদের সেবক।”

জহির উদ্দিন স্বপন বলেন, “সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধাশীল থেকে রাষ্ট্র পরিচালনা করা। প্রধানমন্ত্রী প্রথম মন্ত্রীসভা বৈঠকেই স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করে সরকার পরিচালনা করতে হবে। নির্বাহী বিভাগকে দলীয়করণ বা অপব্যবহার থেকে বিরত রেখে একটি প্রাতিষ্ঠানিক ও শক্তিশালী প্রশাসনিক কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি সরকারের রয়েছে।

“সরকার ইতোমধ্যে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের ৪ কোটি ১০ লাখ পরিবারের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে।”

ঈদের আগেই এ কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি হবে আশা প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক ইউনিটগুলোকে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

একইসঙ্গে কৃষককার্ড কর্মসূচির কথা তুলে ধরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, স্মার্ট কার্ডের মাধ্যমে সার, বীজ, কীটনাশক, কৃষিযন্ত্র, কৃষি ঋণসহ বিভিন্ন সেবা সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে, যাতে মধ্যস্বত্বভোগী ও দুর্নীতির সুযোগ না থাকে।

বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা উপস্থিত ছিলেন।

দুপুরে তথ্যমন্ত্রী সার্কিট হাউজে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গেও পৃথক বৈঠকে অংশ নেন।